সাইবার হামলার শিকার ফিফা

সাইবার হামলার শিকার ফিফা

ফন্ট সাইজ:

সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা । এর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে কিছু ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যের নিয়ন্ত্রণ পেয়েছে হ্যাকাররা। এই অপরাধমূলক সাইবার হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে ফিফা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফার একজন মুখপাত্র। তার ভাষ্য, এই হামলায় সীমিত পরিমাণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছে।

যদিও হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি । কবে, কীভাবে এই হামলা হয়েছে এবং কারাই বা এর সঙ্গে জড়িত সেসব নিয়ে কিছু জানানো হয়নি। কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য বেহাত হয়েছে, তাও স্পষ্ট করেনি ফিফা। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। ফিফার মতে, অনুমতি ছাড়া এ ধরনের তথ্য সংগ্রহ ও প্রকাশ করা মানুষের গোপনীয়তার অধিকারের গুরুতর লঙ্ঘন। তবে চুরি হওয়া কোনো তথ্য ইতিমধ্যে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে কি না, সে বিষয়েও পরিষ্কার কোনো ব্যাখ্যা দেয়া হয়নি ফিফার তরফে।

হামলার বিষয়ে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার মোট সংরক্ষিত তথ্যের শূন্য দশমিক ১ শতাংশেরও কম আক্রান্ত হয়েছে। তবে সেই অংশে ঠিক কী ধরনের সংবেদনশীল তথ্য রয়েছে, তা এখনো পরিষ্কার নয়।

এই ঘটনার পর আলোচনায় এসেছে ফিফার বাতিল হয়ে যাওয়া একটি বাণিজ্যিক প্রকল্পও। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের প্রকল্পটির মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার নতুন কাঠামো গড়ে তোলার পরিকল্পনা ছিল। রয়টার্সকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হ্যাকাররা বাতিল হওয়া ওই প্রকল্পের কোনো নথিতে অবশ্য প্রবেশ করতে পারেনি।