রাজধানীর চকবাজারের ছোট কাটরায় দেড় মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় গোডাউনে এ ঘটনা ঘটে। গোডাউনটিতে খেলনাসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকসামগ্রী মজুত ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্য, চকবাজারের ছোট কাটরা এলাকায় পাইকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য অসংখ্য গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি, প্লাস্টিকের খেলনা, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা হয়। অধিকাংশ গোডাউনই মালামালে ঠাসা। পাশাপাশি এলাকার অনেক ভবন পুরোনো ও ঝুঁকিপূর্ণ। কিছু ভবন অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব ভবনে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে জানান স্থানীয়রা।
এর আগে গত ১২ অক্টোবর একই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকেল ৫টার দিকে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটির বিভিন্ন গোডাউনে প্লাস্টিক ও জুয়েলারিসামগ্রী মজুত ছিল। ওই ঘটনায় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
