পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ভাসমান অবস্থায় তার কবিতা আবৃত্তি করেছেন দেশটির প্রথম নভোচারী মোহাম্মদ জিশান আলী। বুধবার পাঁচ চীনা সহকর্মীর সামনে তিনি ইকবালের বিখ্যাত উর্দু পঙ্ক্তি ‘সিতারো সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়’ (তারাদের ওপারেও আরও জগৎ রয়েছে / ভালোবাসার (বা সাধনার) আরও অনেক পরীক্ষা এখনো বাকি আছে।) আবৃত্তি করেন। পরে মান্দারিন ভাষায় এর অর্থ বুঝিয়ে দিলে সহকর্মীরা করতালিতে তাকে অভিনন্দন জানান। পাকিস্তানের জিশান আলী যেমন ইকবালের কাব্য আবৃত্তি করলেন তেমনি ভারতের নভোচারীও তার মহাকাশ অভিজ্ঞাতার বর্ণনায় ইকবালের শারনাপন্ন হয়েছিলেন। জিশান আলীর আবৃত্তির মাধ্যমে পৃথিবীর বাইরে মহাকাশে আবারও ভারত ও পাকিস্তানকে এক সুতোয় গেঁথে দিল ইকবালের কবিতা। এ খবর দিয়েছে আল জাজিরা।
এর আগে ১৯৮৪ সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যাওয়া রাকেশ শর্মা এই কবির শরণাপন্ন হয়েছিলেন। সোভিয়েত ইউনিয়নের সয়ুজ টি-১১ অভিযানে গিয়ে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথোপকথনে তিনি ইকবালের বিখ্যাত কবিতা ‘তারানা-ই-হিন্দ’-এর পঙক্তি উদ্ধৃত করেন। ওপর থেকে ভারতকে কেমন দেখায়—ইন্দিরা গান্ধীর এমন প্রশ্নের জবাবে রাকেশ শর্মা জানান, কোনো দ্বিধা ছাড়াই বলা যায় ‘সারে জাহাঁ সে আচ্ছা’ (পুরো বিশ্বের সেরা)।
এরপর ১৯৯৭ সালে ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলার মহাকাশ অভিযানের সময়ও ইকবালের কবিতা উঠে আসে। মার্কিন স্পেস শাটল কলম্বিয়ায় থাকা কল্পনা চাওলার সাথে আলাপকালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল সেই একই কবিতার প্রথম লাইন আবৃত্তি করেন, যা প্রায় তিন দশক পর জিশান আলী আবৃত্তি করলেন। গুজরাল বলেছিলেন, নক্ষত্রের ওপারেও আরও জগৎ আছে এবং এখন তা তুমি দেখছ। জবাবে কল্পনা চাওলা জানান, এটি এক বিশেষ অনুভূতি, যেন রূপকথার গল্পের মতো। উল্লেখ্য, ২০০৩ সালে কলম্বিয়া শাটল দুর্ঘটনায় কল্পনা চাওলা প্রাণ হারান।
১৮৭৭ সালে বৃটিশ ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণকারী কবি ও দার্শনিক আল্লামা ইকবাল দক্ষিণ এশিয়ার মুসলিম রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিলেন। ফারসি ও উর্দু ভাষায় সাহিত্যচর্চা করা এই কবি ১৯৩০ সালে এলাহাবাদে মুসলিম লীগের অধিবেশনে পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান নিয়ে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্রের প্রস্তাব দেন, যা পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির আদর্শিক ভিত্তি হয়ে ওঠে। ১৯৪৭ সালে দেশভাগের নয় বছর আগেই ১৯৩৮ সালে লাহোরে তার মৃত্যু হয়।
