জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা দেবে নৃত্যশিল্পী ফাউন্ডেশন

জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা দেবে নৃত্যশিল্পী ফাউন্ডেশন

ফন্ট সাইজ:

দেশের নৃত্যশিল্পীদের মেধা বিকাশ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যচর্চার বিকাশ এবং নৃত্যশিল্পে অনন্য অবদান রাখা বরেণ্য ব্যক্তিত্বদের সম্মানিত করার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসব। প্রথম দুই দিন চলবে অডিশন ও জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা এবং ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সম্মাননা ও পুরস্কার বিতরণী।

গতকাল বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত রূপরেখা, প্রতিযোগিতার কাঠামো এবং সম্মাননা প্রদান প্রক্রিয়া তুলে ধরেন আয়োজকবৃন্দ। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘গুণীজন সম্মাননা’। দেশের নৃত্যকলা ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের অবদান এবং সৃজনশীল নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বরেণ্য নৃত্যশিল্পীদের আজীবন সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি প্রবাসে থেকেও বাঙালি ও দেশীয় নৃত্যশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরার ক্ষেত্রে বিশেষ অবদান রাখা প্রবাসী নৃত্যশিল্পীদেরও এই আয়োজনে সম্মাননা প্রদান করা হবে।

নৃত্যশিল্পে দীর্ঘদিনের অবদান, সাধনা, সৃজনশীলতা, নেতৃত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ পাঁচটি বিশেষ সম্মাননা ও পদক প্রদান করা হবে। আজীবন সম্মাননা পাচ্ছেন আমানুল হক, নৃত্যাচার্য বুলবুল চৌধুরী পদক পাচ্ছেন কাজল ইব্রাহিম, লোকনৃত্য সম্রাট জি. এ. মান্নান পদক পাচ্ছেন রাজবাড়ীর নৃত্যশিল্পী ও পরিচালক আবদুস সাত্তার (কালু), নৃত্য প্রভাকর গহর জামিল পদক পাচ্ছেন উদীয়মান নৃত্যশিল্পী হাসান ইশতিয়াক ইমরান এবং আন্তর্জাতিক সম্মাননা পাচ্ছেন নিউইয়র্ক প্রবাসী অ্যানি ফেরদৌসী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের সব জেলার উদীয়মান ও প্রতিভাবান নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। পাঁচ বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক বা তদূর্ধ্ব প্রতিযোগীরা তিনটি বয়স গ্রুপে এবং একক, দ্বৈত, দলীয় ও প্রোডাকশন—এই চারটি নৃত্য বিভাগে শাস্ত্রীয়, লোক, সমকালীন ও সৃজনশীল নৃত্যের বিভিন্ন শাখায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

দেশের প্রথিতযশা নৃত্যগুরু ও শিল্পীদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করবেন এবং প্রতিটি বিভাগে একজন করে তারকা বিচারক যুক্ত থাকবেন। আগ্রহী প্রতিযোগীরা মুঠোফোনের মাধ্যমে অনলাইনে সহজেই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি একক নৃত্যে ৬০০ টাকা, দ্বৈত বা ডুয়েট নৃত্যে ১ হাজার টাকা, দলীয় নৃত্যে ৮০০ টাকা এবং প্রোডাকশন নৃত্যে ৪০০ টাকা। সহজ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে দেশের সব বয়সের শিল্পীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।