ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণে আহত ৭

ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণে আহত ৭

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পূর্বাঞ্চলে একটি তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবারের এই ঘটনার পর আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে আল জাজিরা।

থাই জ্বালানি কোম্পানি বাংচাক কর্পোরেশন জানায়, অগ্নিকাণ্ডের পর তাদের ফ্রা খানোং তেল শোধনাগারের সব উৎপাদন ইউনিট বন্ধ করে দেয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এই বিস্ফোরণ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে উঁচু আগুনের শিখা এবং ব্যাংককের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

বাংচাক কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, শোধনাগারটির দৈনিক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১ লাখ ২০ হাজার ব্যারেল। এটি কেবল ব্যাংকক নয়, মধ্য থাইল্যান্ডের একটি বড় অংশে জ্বালানি সরবরাহ করে। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, তিনি সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।