রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার: প্রেসিডেন্ট

রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার: প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশগুলো মানতে অস্বীকৃতি জানিয়েছে মিয়ানমার। দেশটির নেতা মিন অং হ্লাইং আদালতের রায়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এ অবস্থান জানালেন।

গত সপ্তাহে এক ঐতিহাসিক রায়ে আইসিজে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সামরিক অভিযানে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হন এবং ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হন।

মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার জবাব দিতে সেনাবাহিনী ওই অভিযান চালিয়েছিল।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সামরিক নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেছেন, ‘গণহত্যা’ শব্দটি দেশের ভাবমূর্তির ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে।
বুধবার এক বৈঠকে তিনি বলেন, ‘একটি দায়িত্বশীল দেশ হিসেবে মিয়ানমার যথাযথ পদক্ষেপ নেবে। তবে যেসব শর্তকে তারা অগ্রহণযোগ্য বলে মনে করে, সেগুলো মেনে চলবে না।’

তবে আদালতের রায়ের ঠিক কোন কোন অংশ মিয়ানমার প্রত্যাখ্যান করছে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলাটির কেন্দ্রে ছিল ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর কথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা ‘নির্মূল অভিযান’। ওই অঞ্চলে বিপুলসংখ্যক রোহিঙ্গা মুসলিম বসবাস করতেন।

আইসিজের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭ লাখের বেশি রোহিঙ্গা পায়ে হেঁটে কিংবা সমুদ্রপথে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
আদালত বলেছে, সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা কোনো না কোনোভাবে ওই অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে এ রায় দেয়া হয়। একই সঙ্গে ১৯৪৮ সালের গণহত্যা সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের দায়েও সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

আদালতের এ রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এর মধ্য দিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রথম দেশ হলো মিয়ানমার।
রায়ে মিয়ানমারকে ক্ষতিগ্রস্তদের আনুপাতিক হারে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আইসিজে। তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আদালত।

পাশাপাশি গণহত্যা সনদের লঙ্ঘন অবিলম্বে বন্ধ এবং সনদ লঙ্ঘনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।
তবে আইসিজের নিজস্ব কোনো রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ ধরনের নির্দেশ বাস্তবায়নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তা এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয় আদালতকে।

রায়টি অনেকাংশে প্রতীকী হলেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো একে স্বাগত জানিয়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে আসছে এসব সংগঠন।
এ পর্যন্ত এক ডজনের বেশি দেশ আইসিজের রায়কে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বৃটেন।

এদিকে ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমার। ওই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অঙ্গনে দেশটি ব্যাপকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সামরিক সরকারের বিরুদ্ধে আরোপ করা হয় বিস্তৃত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা।
এরপর থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিন অং হ্লাইং। তবে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ফোরামগুলোতে এখনো অনেকটাই উপেক্ষিত মিয়ানমার।