নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে নেত্রকোণা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহিম রহমান খান পাঠান এনসিপি’র কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক। ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। ঐ সময় তাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন।
নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের জানান। আগুন লাগার বিষয়টি শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
