গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ দিকে অবরোধ করেন তারা। তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ সময় কয়েকশ শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সড়ক থেকে সরে যান তারা।
এ সময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
