রাষ্ট্রের অস্ত্র ও বাহিনীকে মানুষ হত্যার কাজে ব্যবহারের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের

জিয়াউলের বিরুদ্ধে সমাপনী যুক্তিতর্ক

রাষ্ট্রের অস্ত্র ও বাহিনীকে মানুষ হত্যার কাজে ব্যবহারের অভিযোগ অ্যাটর্নি জেনারেলের

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। নিরাপত্তাজনিত কারণে যুক্তিতর্ক উপস্থাপনকালে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না করে ভার্চুয়ালি হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজকের এই সমাপনী যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে মামলায় প্রসিকিউশনের ধাপ শেষ হবে বলে জানা গেছে। এরপর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

সমাপনী যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র আর বাহিনীর সদস্যদের নিজ দেশের মানুষকে হত্যার কাজে ব্যবহার করেছেন জিয়াউল আহসান।’

তিনি আরও বলেন, ‘জিয়াউল আহসান মানুষের জীবন-মৃত্যু খেলার মতো দেখেছেন। তার বিভৎসতার ন্যায়বিচারের মধ্য দিয়ে অপরাধীদের জন্য একটি শক্ত বার্তা (মেসেজ) যাবে।’

ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে এই বিচার শুধু বাংলাদেশের বিচার নয়, এটি সমগ্র মানবতার পক্ষে জবাবদিহিতার দাবি। ইতিহাসের কোনো সুনির্দিষ্ট অপরাধের বিচার নয়, সকল মানবতাবিরোধী অপরাধের বিচারের এখতিয়ার এই ট্রাইব্যুনালের আইনে আছে।