নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র করে সুইজারল্যান্ডের এক কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে পিয়ংইয়ংয়ে সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয় বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওনসানের আন্তর্জাতিক শিশু শিবির সংডোওন-এর ওপর সুইজারল্যান্ড নিষেধাজ্ঞা আরোপের পর এ বিরোধের সূত্রপাত। ওই শিবিরে রাশিয়া ও চীনের শিশুসহ বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়। ইউক্রেনের রাশিয়া অধিকৃত অঞ্চলগুলো থেকে শিশুদের স্থানান্তরের সঙ্গে শিবিরটির সম্পৃক্ততার অভিযোগ আছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ (কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি) সুইজারল্যান্ডের এই নিষেধাজ্ঞাকে প্রকাশ্য শত্রুতামূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে। কূটনীতিক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত সুইস কূটনৈতিক কার্যালয়ের প্রধানকে অবাঞ্ছিত ব্যক্তি (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পিয়ংইয়ংয়ের এই কূটনৈতিক প্রতিক্রিয়া এমন এক সময় এলো, যখন কয়েক সপ্তাহ আগেই সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস বিরল এক সফরে উত্তর কোরিয়া গিয়েছিলেন।
ওই সফরে তিনি দেশটিতে সুইজারল্যান্ডের কূটনৈতিক কার্যালয় আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করেন এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন। সুইস কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে। এ ক্ষেত্রে বার্নে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস এবং বেইজিংয়ে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখা হবে। উত্তর কোরিয়ার সঙ্গে সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এর ২৩ বছর পর, ১৯৯৭ সালে পিয়ংইয়ংয়ে একটি সহযোগিতা কার্যালয় চালু করে সুইজারল্যান্ড। করোনা মহামারির সময় কার্যালয়টি বন্ধ হয়ে যায়। এরপর টানা ছয় বছর সেটি বন্ধ ছিল। সুইজারল্যান্ডের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটি নিষেধাজ্ঞা নীতি এবং সব দেশের সঙ্গে সংলাপ বজায় রাখার অঙ্গীকারকে আলাদা করে দেখে। দপ্তরটি আরও বলেছে, পিয়ংইয়ংয়ে কূটনৈতিক কার্যালয় পুনরায় চালু করার সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিষয়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই। একইভাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নেও এর কোনো প্রভাব পড়েনি। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। গত আগস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, মস্কো উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।
