হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়

হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়

ফন্ট সাইজ:

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ভারত থেকে তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধের চেয়ে আলাদা বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রত্যর্পণের অনুরোধটি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। তবে কোনো নাগরিক স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।

গতকাল সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেন, ‘নির্ধারিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’ তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’

১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা
এর আগে মঙ্গলবার হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী। মোজাম্মেল আলী বলেন, প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য হাসিনা তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটিতে অবস্থান করছেন হাসিনা। এর মধ্যদিয়ে তার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

হাসিনাকে গ্রেপ্তারের ঘোষণা ঢাকার
হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, তিনি দেশে প্রবেশ করামাত্র গ্রেপ্তার হবেন। অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।