বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ফন্ট সাইজ:

বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন। এসব দেশের বিরুদ্ধে অভ্যন্তরীণ বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি এবং এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য সরবরাহের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এবারের প্রস্তাবিত শুল্কের সর্বোচ্চ হার আরোপ করা হতে পারে চীনের পণ্যের ওপর। বিশ্ববাজারে কম দামের পণ্য দিয়ে বাজার সয়লাব করার জন্য বেইজিংকে সবচেয়ে বেশি দায়ী করছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) মঙ্গলবার আট মাসের তদন্ত শেষে নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করেছে। দেশটির বাণিজ্য আইন ১৯৭৪-এর ৩০১ ধারার আওতায় অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে এই তদন্ত করা হয়েছে। এতে বাংলাদেশসহ মোট ১৬টি বাণিজ্য অংশীদার দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এসব দেশের মধ্যে জাপান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রও রয়েছে।
তদন্তের আওতায় থাকা ১৬টি দেশের মধ্যে আপাতত ১৪টির পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। দেশগুলো হলোÑচীন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর আপাতত নতুন শুল্ক আরোপের প্রস্তাব করা হয়নি। দেশ দুটি নিয়ে তদন্ত এখনো পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের তদন্তে দেখা গেছে, এসব বাণিজ্য অংশীদার বিভিন্ন পদক্ষেপ, নীতি ও চর্চার মাধ্যমে উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা তৈরি করছে, তা টিকিয়ে রাখছে কিংবা এতে অবদান রাখছে।
যুক্তরাষ্ট্রের মতে, এসব কর্মকাণ্ড অযৌক্তিক এবং মার্কিন বাণিজ্যের ওপর চাপ সৃষ্টি করছে বা বাণিজ্য সীমিত করছে।


কী এই অতিরিক্ত উৎপাদন সক্ষমতা?

ইউএসটিআরের সংজ্ঞা অনুযায়ী, কোনো দেশ যখন বাজারের প্রকৃত চাহিদা ও স্বাভাবিক বাজারনীতির সঙ্গে সামঞ্জস্য না রেখে উৎপাদন ও শিল্প সক্ষমতা বাড়াতে থাকে, তখন তাকে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বলা হয়। এ ক্ষেত্রে শিল্পনীতির মাধ্যমে সহায়তা, সরকারি ভর্তুকি এবং বাজারভিত্তিক নয়Ñএমন অর্থনীতির দেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ ব্যবহারের মতো বিষয়ও বিবেচনায় নেয়া হয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ ধরনের নীতি ও সরকারি সহায়তার ফলে উৎপাদনকারী দেশগুলো কম দামে পণ্য রপ্তানি করতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হয় এবং মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়।

কবে কার্যকর হবে নতুন শুল্ক?
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবিত শুল্ক আগামী জানুয়ারির আগে কার্যকর হওয়ার সম্ভাবনা কম। কারণ, শুল্কের প্রস্তাব নিয়ে প্রথমে জনসাধারণের মতামত নেয়া হবে। এরপর সংশ্লিষ্ট বিষয়ে শুনানির আয়োজন করা হবে। এসব প্রক্রিয়া শেষ হলেই শুল্ক কার্যকরের বিষয়টি সামনে আসবে।
বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশভিত্তিক শুল্কের নির্দিষ্ট হার জানানো হওয়ার কথা রয়েছে।

এদিকে, মেক্সিকো ও নরওয়ের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্তের পর্যালোচনা এখনো চলছে। তবে কবে নাগাদ এ দুই দেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, সে বিষয়ে কোনো সময়সীমা জানাননি ওই কর্মকর্তা।
মঙ্গলবার রাতে মার্কিন কর্মকর্তারা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিগুলোকে প্রস্তাবিত পরিবর্তন সম্পর্কে অবহিত করেছেন। যেসব দেশ নতুন শুল্কের আওতায় পড়তে যাচ্ছে, তাদেরও বিষয়টি জানানো হয়েছে।