নরসিংদীর মনোহরদী উপজেলাকে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে বাসযোগ্য উপজেলা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আরিফুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা বিএনপির সদস্য মো. গোলাম মোস্তফা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মনোহরদী দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দ, একদুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আলম হাতেম, উপজেলা যুবদলের সভাপতি মো. তাজুল ইসলাম, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সবাইকে রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, মনোহরদীকে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, একই দিনে মনোহরদী উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
