দাউদকান্দি ও মেঘনায় ২০ পথে চারদিন আওয়ামী লীগের বিরুদ্ধে শান্তি মিছিল ও টহলের নির্দেশ খন্দকার মারুফের

দাউদকান্দি ও মেঘনায় ২০ পথে চারদিন আওয়ামী লীগের বিরুদ্ধে শান্তি মিছিল ও টহলের নির্দেশ খন্দকার মারুফের

ফন্ট সাইজ:

কুমিল্লা- ১ আসন তথা দাউদকান্দি ও মেঘনা উপজেলায় আগামী ২৭ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত টানা চার দিন ২০টি পথে শান্তি মিছিল ও টহল কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেইজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ নির্দেশ ও আহ্বান জানান। এ পোস্টটি পরে তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকেও শেয়ার করেন। পোস্টে তিনি নিষিদ্ধ ও ফ্যাসিস্ট আওয়ামীদের বিরুদ্ধে ওঠা নাশকতা, নৈরাজ্যের চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে গণতন্ত্র রক্ষার লক্ষ্যে এসব কর্মসূচি পালনের কথা উল্লেখ করেন। ঘোষিত কর্মসূচির আওতায় দাউদকান্দির ১২টি এবং মেঘনার আটটি পথে মিছিল ও টহল দেওয়ার নির্দেশ ও আহ্বান জানানো হয়েছে। দাউদকান্দি উপজেলার নির্ধারিত পথগুলো হলো- টোলপ্লাজা থেকে গৌরীপুর মোড়, গৌরীপুর মোড় থেকে ইলিয়টগঞ্জ বাজার, বিশ্বরোড থেকে দাউদকান্দি বাজার হয়ে টোলপ্লাজা, বলদাখাল থেকে শ্রীরায়েরচর ব্রিজ হয়ে বাজারখোলা, পেন্নাই (গৌরীপুর মোড়) থেকে জিয়ারকান্দি ব্রিজ, গৌরীপুর পেন্নাই থেকে কানছোওয়া, আমিরাবাদ থেকে মালাখালা, হাসানপুর কলেজ রোড থেকে নূরপুর, ঢাকারগাঁও থেকে গয়েশপুর ও জুরানপুর হয়ে গোয়ালমারি বাজার, উত্তর গাজীপুর থেকে দৌলতেরকান্দি হয়ে গোয়ালমারি বাজার, শহীদনগর থেকে হারিয়ালা হয়ে গৌরীপুর। অন্যদিকে মেঘনা উপজেলার কর্মসূচির পথগুলো হলো- ভাটেরচর থেকে উপজেলা বাসস্ট্যান্ড, উপজেলা সদর বাসস্ট্যান্ড মোড় থেকে লুটেরচর, একই স্থান থেকে রামপুর বাজার, উপজেলা সদর থেকে মানিকারচর বাজার হয়ে পাড়ারবন্দ, উপজেলা সদর থেকে চন্দনপুর, হাসনাবাদ টিএন্ডটি মোড় থেকে আলীপুর, মানিকারচর বাজার থেকে চন্দনপুর বাজার, হরিপুর থেকে কান্দারগাঁও হয়ে সাতানী এবং উপজেলা সদর থেকে তুলাতলী বাজার। ফেসবুক পোস্টে ড. খন্দকার মারুফ হোসেন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। কোথাও নাশকতার চেষ্টা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পাশাপাশি এসব অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ ছাড়া দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।