মৃত্যুদণ্ডই হতে পারে জিয়াউলের একমাত্র সাজা

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডই হতে পারে জিয়াউলের একমাত্র সাজা

ফন্ট সাইজ:

শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। জিয়াউল আহসান যে অপরাধ করেছেন, তাতে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তার নেই। মৃত্যুদণ্ডই হতে পারে এর একমাত্র সাজা বলে যুক্তিতে উল্লেখ করেন তিনি। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপনের সময় এ আবেদন জানান চিফ প্রসিকিউটর।

যুক্তিতর্কের ‘পারসোনা নন-গ্রাটা’ বলতে কী বোঝাতে চেয়েছিলেন এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমরা বুঝিয়েছি তাকে যেন সর্বোচ্চ শাস্তি দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করা হয়। এ ‘পারসোনা নন-গ্রাটা’ শুধু সেনানিবাসের ভেতরে নয়। এমন মানুষ দুনিয়াতে বাঁচার অধিকার নেই। আইনের ২০-এ ধারার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। বিষয়টি বোঝাতেই আমরা জিয়াউলকে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথা বলেছি। আক্ষরিক বা প্রতীকি অর্থে বলেছি যে, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’। অর্থাৎ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে আমরা বক্তব্য দেবো।

জিয়াউল আহসানের বিবরণ দিয়ে আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। এ মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, জিয়াউলকে সেনানিবাস থেকে পারসোনা নন-গ্রাটা ঘোষণা করা হয়েছিল। যেন তিনি সেনানিবাসে প্রবেশ করতে না পারেন। তবে এ ধরনের ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই পারসোনা নন-গ্রাটা ঘোষণা করা উচিত। অর্থাৎ তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তাই তাকে পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত।

একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন- ট্রাইব্যুনালে এমন প্রশ্ন রেখে চিফ প্রসিকিউটর বলেন, যদিও আমাদের সাক্ষীর বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার কথা এসেছে। এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন হতে পারে। তাই ট্রাইব্যুনালের কাছে আমাদের আবেদন তাকে (জিয়াউল) এমনভাবে শাস্তি বা দণ্ড দেওয়া উচিত, যেন তিনি গোটা পৃথিবী থেকেই পারসোনা নন-গ্রাটা হয়ে যান। বেঁচে থাকার কোনো অধিকারই তার থাকতে পারে না। কারণ তিনি যেসব মানুষকে হত্যা করেছেন, তাদের কোনো অপরাধ ছিল না। যুক্তিতর্কের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের শাসনামলের কিছু সেনা কর্মকর্তার বিবরণ তুলে তিনি বলেন, সেনা কর্মকর্তারা আমাদের জানমালের নিরাপত্তা দেবেন। কিন্তু তারা আমাদের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন। পরে এ বিষয়ে সাংবাদিকদের আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া ন্যায়সংগত কি না, এ বিষয়ে আজকের যুক্তিতর্কে তথ্য ও আইনের ব্যাখ্যা উপস্থাপন করেছি আমরা। এছাড়া প্রসিকিউশনের উপস্থাপন করা সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী। তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী। তাদের সামনে বা অংশগ্রহণে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তিনি বলেন, সাক্ষীদের জবানবন্দি থেকে আমরা জানতে পেরেছি, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনও ১১ জন বা এর বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো। কাউকে বালিশ ঠেকিয়ে গুলি, কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হতো। চিফ প্রসিকিউটর বলেন, এভাবে লাশ পানিতে ভাসিয়ে দেওয়ার কারণে সেসব উদ্ধারের সম্ভাবনা ছিল না। জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবে ১৬ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি আমরা। এর মধ্যে দুজনের লাশ পাওয়া গেছে। একজন নজরুল, অপরজন সজল। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে।

মামলার তিনটি চার্জে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে জিয়াউল আরও ১৫০ থেকে ২০০ জনকে হত্যা করেছেন বলে দাবি করেছেন সাক্ষীরা। তবে তদন্তে আমরা ১১৫ জনের হত্যার তথ্য পেয়েছি। এ সংখ্যা চূড়ান্ত নয়, আরও বেশি হতে পারে। কেননা গুমের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সেখান থেকেও আরও তথ্য পাওয়া যেতে পারে। আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযান চালাতে গেছেন জিয়াউল।প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যা করা হয়েছে বলে সাক্ষীরা জানিয়েছেন।