বিগত ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন টিম সংশ্লিষ্ট জেলাসমূহে গণশুনানি পরিচালনা করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেস ক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
গণশুনানির পূর্বে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাসমূহে সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ আহত-নিহত ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিন সকালে ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আগামী সপ্তাহ থেকে গণশুনানির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। যশোর জেলা থেকে এই কার্যক্রম শুরু করার কথা থাকলেও আগামী ২৮ তারিখ যশোর জেলা বারের নির্বাচন থাকায় ২৬ তারিখের নির্ধারিত তারিখটি পরিবর্তন হয়ে অন্য কোনো জেলা থেকে শুরু হতে পারে।
আমিনুল ইসলাম আরও বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। প্রত্যেক জেলার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং নিপীড়িত রাজনৈতিক দল ও সংগঠনের উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হবে।
