ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মানবন্ধন ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। বুধবার সকালে এ অবরোধ করেন তারা।
ঈশ্বরদী-ঢাকা রেলপথে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
স্টেশনের প্ল্যাটফর্মের পাশে রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন করায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর অতিক্রমকালে আটকা পড়ে। পাশাপাশি ঢাকা-রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জের সায়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে।
লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার রিজন হোসেন জানান, পাবনা এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে সকাল ৮টা থেকে স্থানীরা রেলপথের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মানববন্ধনকারীরা তাদের কাছে কোনো আবেদন বা কোনো রকম দাবিনামা পাঠায়নি। কাউকে কিছু না জানিয়ে এভাবে মানববন্ধনের নামে রেলপথ অবরোধ করে ট্রেন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। মানববন্ধনকারীদের কর্মকাণ্ডে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখবে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ট্রেন অবরোধকারীদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিচ্ছে।
