তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই সিদ্ধান্ত নিয়েছে।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।
বাবুল আখতার আরও বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।
এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ ১০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার দুপুর ৩টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত দেড়টায়। দুই পক্ষের মধ্যে প্রস্তাবের ব্যবধান কমাতে দফায় দফায় আলোচনা হলেও শেষ পর্যন্ত সমঝোতা না হওয়ায় ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ দাবি ছিল ১৮ হাজার ৫০০ টাকা। অন্যদিকে মালিকপক্ষ সর্বোচ্চ ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেয়। দীর্ঘ দর-কষাকষির একপর্যায়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান শ্রমিকদের দাবির পক্ষে আরও ২০০ টাকা বাড়িয়ে একটি প্রস্তাব দেন। তবে চেয়ারম্যানের এই প্রস্তাবেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
পরে মালিকপক্ষের ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষের ১৮ হাজার টাকার প্রস্তাবের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে মালিকপক্ষের প্রস্তাবের পক্ষে ৪টি ভোট পড়ে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাবের পক্ষে ভোট দেন দুজন।
ফলে ভোটাভুটিতে মালিকপক্ষের ১৭ হাজার টাকার প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতা পায়। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির এই ফল নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
অর্থনৈতিক রিপোর্টার
অনলাইন
৫৪ মিনিট আগে
২৫ নভেম্বর (বুধবার), ২০২৬, ৭ঃ০৮ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
