ইসরাইলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হওয়ার পর তার বদলা নেয়ার অঙ্গীকার করেছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি)। জবাবে ইরানের ক্লাস্টার মিউনিশন বহনকারী ক্ষেপণাস্ত্র তেল আবিবে আবাসিক ভবন ও তেল আবিবে রেল স্টেশনে আঘাত করেছে। এ ঘটনায় দু’জন নিহত হয়েছে। আইআরজিসি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইসরাইলের কেন্দ্রস্থলে ১০০টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। লারিজানি ও তার সহযোগীদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।
ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, ইসরাইলের বহুস্তরীয় ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ভেঙে পড়ার কারণেই এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব হয়েছে। প্রতিশোধমূলক এই হামলায় তারা খোররামশাহর-৪, কাদর, এমাদ এবং খাইবারশেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এ খবর দিয়ে অনলাইন টেলিগ্রাফ বলছে, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের কিছু পর ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলের দিকে ক্লাস্টার মিউনিশনযুক্ত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ফলে ৭০ বছরের কোঠায় থাকা এক দম্পতি নিহত হয়।
উদ্ধারকর্মীরা জানান, রামাত গান এলাকায় ওই দম্পতির মরদেহ তাদের ভবনের আশ্রয়কক্ষের দরজার পাশেই পাওয়া যায়। যে ফ্ল্যাটে তারা বসবাস করতেন, সেটি ভবনের সর্বোচ্চ তলায় ছিল এবং হামলায় তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসাবশেষ নিচের সড়কজুড়ে ছড়িয়ে পড়ে। ইউনাইটেড হাতজালাহ চিকিৎসা সেবার এক উদ্ধারকর্মী দ্য টেলিগ্রাফকে বলেন, দুঃখজনকভাবে আমরা উপরের তলায় দুটি মরদেহ পেয়েছি। ঘটনা খুবই মর্মান্তিক ছিল। আশ্রয়কক্ষ থেকে বেরিয়ে এসে প্রতিবেশীরাই প্রথম ওই দম্পতিকে দেখতে পান। তারা আশ্রয়কক্ষের দরজার কাছেই ছিলেন। আমরা এখনো ছাদে অনুসন্ধান চালাচ্ছি, যেন শতভাগ নিশ্চিত হওয়া যায়- আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কর্নেল অলিভিয়ের রাফোভিৎস বলেন, এই ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল বেসামরিক মানুষ। তিনি বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী, একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ভবনে আঘাত হানে, যার মধ্যে সাব-মিউনিশন ছিল। কেন্দ্রীয় ইসরাইলের বিভিন্ন এলাকায় ২০ থেকে ৩০টি সাব-মিউনিশন আঘাত করেছে। চতুর্থ তলায় দুইজন নিহত হয়েছেন। তারা বয়স্ক মানুষ। এটি একটি ট্র্যাজেডি। আমরা এমন একটি রাষ্ট্রের মুখোমুখি, যা যত বেশি সম্ভব ইসরাইলি বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার ইচ্ছা রাখে। লক্ষ্য ছিল বেসামরিক এলাকা এবং ক্ষেপণাস্ত্রটির মাথায় সাব-মিউনিশন ছিল।
