৫১ হাজার ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন

নতুন করে জিপিএ-৫ পেলেন ১৬২০, ফেল থেকে পাস ৫৫৪৮

ফন্ট সাইজ:

চলতি বছরের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৫০ হাজার ৯৮১ জন শিক্ষার্থীর ফল বা গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পরিবর্তন হয়েছে ২৩ হাজার ১৪৫ জনের। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৬২০ পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ৫৫৪৮ জন। এরমধ্যে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গ্রেড পরিবর্তন হয়েছিল ২৭ হাজার ৮৩৬ জনের। দুই পরীক্ষায় মোট ৭৯ হাজার ৪০৪ জন শিক্ষার্থীর নম্বরেও পরিবর্তন এসেছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল ও নম্বরে এই পরিবর্তন খাতা মূল্যায়নের মান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সোমবার এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। পুনর্নিরীক্ষণে এবার মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী আবেদন করেন। ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। এর মধ্যে ২৩ হাজার ১৪৫ জনের ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ৭ দশমিক ৯৫ শতাংশ।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন আবেদনকারীর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। আবেদনকারীর হিসাবে পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তনের হার ১১ দশমিক ১৭ শতাংশ। রাজশাহী বোর্ডে ৭৭৫ জন, যশোর বোর্ডে ১ হাজার ৭৩৬, বরিশাল বোর্ডে ৫২০, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৩৫, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩, সিলেট বোর্ডে ১ হাজার ২৬৭, ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৬৮ জনের ফল পরিবর্তন হয়েছে। এ ছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে।
নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডে ৪৬৫ জন, কুমিল্লায় ১২০, রাজশাহীতে ৫৬, যশোরে ১৬৩, চট্টগ্রামে ১০১, বরিশালে ২১, সিলেটে ৭৭, দিনাজপুরে ১৩৪ ও ময়মনসিংহ বোর্ডে ২৭৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩৮ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

সবথেকে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে সর্বোচ্চ ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ৭ দশমিক ১৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা বোর্ড। ২৫ হাজার ১৯৩ জন শিক্ষার্থী আবেদন করেন এবং ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করা হয়। এতে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর ১১ দশমিক ১৭ শতাংশ। এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮১৩ জনের, রাজশাহী বোর্ডে ৭৭৫ জনের, যশোর বোর্ডে ১ হাজার ৭৩৬ জনের, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩ জনের এবং বরিশাল বোর্ডে ৫২০, সিলেট বোর্ডে ১ হাজার ২৬৭ জনের, দিনাজপুর বোর্ডে ২ হাজার ৩৫ জনের, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জনের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে।

চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি-সমমান ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। বোর্ডভিত্তিক প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়ে।
গত ৩১শে অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল অনুযায়ী, ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন। এর আগে গত ১০ই সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। ওই ফল বিশ্লেষণে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়। এর মধ্যে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। আগে অকৃতকার্য হওয়া ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী নতুন করে পাস করেন। আর নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী। তারা একাধিক বিষয়ে আবেদন করায় মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আওতায় আসে। এর মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র ছিল।

দুই পরীক্ষার পরিসংখ্যান বলছে, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর শুধু ফল বা গ্রেড পরিবর্তন হয়েছে ৫০ হাজার ৯৮১ জনের। আর নম্বর পরিবর্তনের হিসাবে দুই পরীক্ষায় এ সংখ্যা ৭৯ হাজার ৪০৪। এসএসসিতে নম্বর পরিবর্তনের সংখ্যা ৫৬ হাজার ২৫৯ এবং এইচএসসিতে ফল পরিবর্তনের সংখ্যা ২৩ হাজার ১৪৫। বিপুলসংখ্যক উত্তরপত্রে নম্বর ও ফল পরিবর্তনের ঘটনা পরীক্ষার খাতা মূল্যায়ন প্রক্রিয়ার নির্ভুলতা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে প্রশ্ন সামনে আসছে।