দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা স্থগিত করে আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আপিল বিভাগের আদেশের ফলে আগামী ৩১শে ডিসেম্বরের আগে ভর্তি পরীক্ষা নিতে আর বাধা নেই।
এই আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, হাইকোর্টের অন্তর্বর্তীকালীন যে আদেশের কারণে ভর্তি প্রক্রিয়া স্থগিত হওয়ার কিংবা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল, সেই আশঙ্কা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় মুক্ত হলো। তিনি বলেন, হাইকোর্টের আদেশে দু’টি অন্তর্বর্তী নির্দেশনা ছিল। একটি ছিল ৩১শে ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনপত্রের পোর্টাল খোলা রাখা এবং অন্যটি ছিল এইচএসসি’র অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত রাখা। আপিল বিভাগ এই দুটি আদেশই স্থগিত করেছেন। তবে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য সেখানে পাঠানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও বিধি অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এখন নিজেদের সুবিধামতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে। রিট আবেদন প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, জনস্বার্থের কথা বলে রিট করা হলেও রিটকারীর উদ্দেশ্য কার স্বার্থ রক্ষা করা, তা স্পষ্ট নয়। এ ধরনের আবেদনের কারণে বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম আটকে রাখা সমীচীন নয়। তিনি আরও বলেন, সব বিষয়ে উত্তীর্ণ হয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন, তাদের ভর্তি কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও বিবেচনায় রাখতে হবে। এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ও ফল পুনঃনিরীক্ষণের সুযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহত্তরসংখ্যক মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম বন্ধ রাখা উচিত নয়।
এর আগে গত ১৮ই নভেম্বর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গত ১৯শে নভেম্বর বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। গতকাল আপিল বিভাগের আদেশের ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনগত বাধা রইলো না।ু
