রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ই মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শাহরিয়ার কবির-মোজাম্মেল বাবুকে ভার্চ্যুয়ালি হাজির করা হবে। সোমবার আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ জানায়- পূর্বে দেয়া এ সংক্রান্ত আদেশটিই কার্যকর হবে। অর্থাৎ কোনো আসামি অসুস্থ কিংবা অন্য কোনো কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচারকার্যে অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদনের উপর পরবর্তী শুনানির জন্য আগামী ২৬শে নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দু’টি চার্জে ৫২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে- হাসানুল হক ইনু, ড. আব্দুর রাজ্জাক, আবদুল লতিফ সিদ্দিকী, ডা. দীপু মনি, শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাসহ মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। এ ছাড়া বাকি ৩০ জন আসামি পলাতক রয়েছেন।
এদিন মামলায় পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানি করেন। এরপর সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাকের পক্ষে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। শুনানিতে আইনজীবী মোস্তাফিজুর রহমান যুক্তি তুলে ধরে বলেন, ঘটনার সময় ড. আবদুর রাজ্জাক খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ও পরবর্তীতে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার কোনো প্রশাসনিক সম্পর্ক ছিল না। অথচ তার বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো বলপ্রয়োগ করেও থাকে, তবে তারা তার অধীনস্থ (সাব-অর্ডিনেট) ছিলেন না বা তার মন্ত্রণালয়ের আওতাভুক্ত ছিল না। ফলে কোনোভাবেই তার ওপর সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বর্তায় না।
অন্যদিকে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী আসামি হাসানুল হক ইনু, দীপু মনি, লতিফ সিদ্দিকী এবং মোজাম্মেল হক বাবু- এই ৪ জনের পক্ষে অব্যাহতি চেয়ে আইনি লড়াই করছেন। গতকাল হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি শুরু করেন তিনি। শুনানিকালে মনসুরুল হক চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, মামলাটি এখন কেবল অভিযোগ গঠনের (চার্জ ফ্রেমিং) পর্যায়ে রয়েছে। এই ধাপে কেবল ‘প্রাইমা ফেসি’ (প্রাথমিক সত্যতা) মামলা আছে কিনা, তা যাচাই করা হয়। মামলা প্রমাণের বিষয়টি বিচার বা ট্রায়াল পর্যায়ের কাজ। এ সময় তিনি আইসিটি রুল ৩৭ ও ৩৮ অনুসরণ করার কথা উল্লেখ করে বলেন, এই পর্যায়ে অতিরিক্ত কোনো বিষয় আনার সুযোগ নেই। তবে মামলার পটভূমি নিয়ে প্রাথমিক আলোচনা শুরুর পরপরই ট্রাইব্যুনালের কাছে সময় প্রার্থনা করেন মনসুরুল হক। ট্রাইব্যুনালকে তিনি জানান, শরীর কিছুটা খারাপ লাগছে, চোখেও সমস্যা হচ্ছে এবং এ বিষয়ে তার খুব একটা প্রস্তুতিও নেই। আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার জন্য তিনি সময় চান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল শুনানি মূলতবি করে আগামী ২৬শে নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
হাজিরা ও পূর্বের আদেশ অনুসরণ সংক্রান্ত আবেদন: শুনানির শুরুতে আসামি শাহরিয়ার কবিরের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান এবং মোজাম্মেল হক বাবুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী আগের সাধারণ আদেশের (জেনারেল অর্ডার) আওতায় সুবিধা চেয়ে আবেদন করেন। এ বিষয়ে প্রসিকিউশনের কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, তাদের কোনো আপত্তি নেই। প্রসিকিউশন থেকে আগেই আবেদন করা হয়েছিল যেন শুধু জিয়াউল আহসানই নন, যেকোনো আসামির ক্ষেত্রেই ওই আদেশ কার্যকর হয়। পরে ট্রাইব্যুনাল বলেন, এখানে আগের আদেশটি কার্যকর হবে।
