পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

ফন্ট সাইজ:

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথ উদ্যোগে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেয়া এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে মদদ দেয়া হচ্ছে।

​ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব।

এ ছাড়া রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রবল স্রোতের মতো তা প্রতিহত করবে। একাত্তরের মুক্তিযুদ্ধ, ৭ই নভেম্বর ও ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যেকোনো আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেসহ সংগঠন দুটির নেতাকর্মীরা।