আপত্তি-সুপারিশ বিবেচনায় নিয়েই চূড়ান্ত হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী

আপত্তি-সুপারিশ বিবেচনায় নিয়েই চূড়ান্ত হবে সাইবার সুরক্ষা আইন: আইনমন্ত্রী

ফন্ট সাইজ:

মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের বিষয়টি বিবেচনায় রেখেই প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের চূড়ান্ত রূপ দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আইনটির বিভিন্ন ধারা নিয়ে বিদেশি কূটনীতিক ও অংশীজনদের যেসব আপত্তি ও সুপারিশ রয়েছে, সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে। এ নিয়ে আরও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিক ও বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা জানান।

আইনমন্ত্রী বলেন, আপত্তি থাকবে বলেই সরকার পরামর্শের উদ্যোগ নিয়েছে। আইনটি চূড়ান্ত করে সংসদে উপস্থাপনের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা ও বাকস্বাধীনতার মতো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে আইনটি সম্পৃক্ত হওয়ায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে এটি পরামর্শের জন্য ফেরত পাঠিয়েছেন। পর্যায়ক্রমে সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ইউএনডিপির সঙ্গে সমন্বয় করে আজকের বৈঠক হয়েছে। আগামী দিনে নাগরিক সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও আলোচনা করা হবে।

তিনি বলেন, আজকের বৈঠকে অংশীজনরা আইনের অনেকগুলো ধারাকে স্বাগত জানিয়েছেন। নাগরিক অধিকার রক্ষায় সরকারের উদ্যোগকে সামগ্রিকভাবে তারা প্রশংসা করেছেন। পাশাপাশি দু-একটি সুপারিশও দিয়েছেন। সেগুলো তাৎক্ষণিকভাবে নোট নেয়া হয়েছে। এর বাইরেও কোনো সুপারিশ থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে জানানোর সুযোগ রয়েছে।

মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির (আইসিসিপিআর) ১৯ নম্বর অনুচ্ছেদের ৩ নম্বর উপধারায় মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের বিধান রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদেও একই ধরনের বিধান রয়েছে। সরকার এর বাইরে কিছু করছে না এবং করবেও না।

কোনো কনটেন্ট অপসারণ বা বন্ধ করে দেয়ার ক্ষমতা নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে বিচারিক পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে। বিষয়টি অবাধ ক্ষমতা হিসেবে রাখা হয়নি। আইনের চূড়ান্ত রূপ কী দাঁড়ায়, তা দেখে এ বিষয়ে আলোচনা করার আহ্বান জানান তিনি।

আইনের বিভিন্ন ধারার সংজ্ঞা ও ব্যাখ্যা স্পষ্ট করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, সরকার সংজ্ঞাগুলো স্পষ্ট করার চেষ্টা করছে। মূল লক্ষ্য হলো অস্পষ্টতা ও দুর্বোধ্যতা দূর করা। তিনি বলেন, আকাশের যত তারা, আইনের তত ধারা। যত বিস্তারিতই করা হোক, কোনো না কোনো ইতিবাচক ও নেতিবাচক দিক আসবে। তাই সংজ্ঞাগুলো স্পষ্ট করার চেষ্টা চলছে।