সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের ঘটনার প্রেক্ষিতে দায়ের করা কোনো মামলায় এটিই প্রথম যুক্তিতর্ক উপস্থাপন।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানান। এ সময় তার বাম পাশে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এবং ডান পাশে ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বর্তমান ও সাবেক চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেলের একসঙ্গে এভাবে গণমাধ্যমের সামনে দাঁড়ানোকে একটি বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর।
১৫০ থেকে ২০০ মানুষকে নির্বিচারে হত্যা, শনাক্ত ১১৫ জনের বেশি: চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আজকের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে মূলত সেইসব সামরিক কর্মকর্তার জবানবন্দি উপস্থাপন করা হয়েছে, যারা এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, জিয়াউল আহসান বিভিন্ন সময়ে নির্বিচারে ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। এর মধ্যে প্রায় ১১৫ জনের বেশি মানুষকে তিনি সরাসরি হত্যা করেছেন বলে প্রসিকিউশন শনাক্ত (আইডেন্টিফাই) করতে পেরেছে এবং সাক্ষ্যে তা তুলে ধরা হয়েছে। একক কোনো ব্যক্তির দ্বারা এত বিপুলসংখ্যক হত্যাকাণ্ডের ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।
‘ডিপ স্টেট’-এর সদস্য ও নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড: জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিবরণ দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, প্রখ্যাত সামরিক কর্মকর্তা হওয়া সত্ত্বেও এবং বহু অপকর্মে জড়িত থাকার পরও তিনি বারবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। মাতৃবাহিনীতে ফিরে না গিয়ে তিনি স্বৈরাচারী কায়দায় র্যাবে দিনের পর দিন কাটিয়েছেন। বিরোধী রাজনৈতিক দল দমন-পীড়নের জন্য শেখ হাসিনার চাহিদা ও আজ্ঞা অনুযায়ী তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, জিয়াউল আহসান রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র বা ‘ডিপ স্টেট’-এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিলেন। সাক্ষীদের জবানবন্দির বরাতে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিজেও বলেছেন যে জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। মূলত শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি আশ্রয় ও প্রশ্রয়েই তিনি একের পর এক এসব দানবীয় ও নারকীয় অপকর্ম চালিয়ে গেছেন।
মামলার সাক্ষীদের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের কুকর্মের সহযোগী (একমপ্লিস) কয়েকজন সামরিক কর্মকর্তাকে এই মামলায় সাক্ষী করা হয়েছে। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এসব লোমহর্ষক ঘটনা বাইরের কেউ দেখেনি, যারা দেখেছেন তারা ভেতরের লোক বা ইনসাইডার এবং তার সহযোগী ছিলেন। তাদের ছাড়া অন্য কারো পক্ষে এসব ঘটনার বর্ণনা দেয়া সম্ভব ছিল না। ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স বা ফৌজদারি আইন অনুযায়ী সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির এবং মেজর দেলোয়ার ওরফে মনিরুল হকের জবানবন্দি থেকে স্পষ্ট হয়েছে যে, জিয়াউল আহসানের একজন সহযোগী ছিলেন কমান্ডার সোহেল। কমান্ডার সোহেল তার আজ্ঞাবহ কিছু সাংবাদিককে দাওয়াত দিয়ে বোটে করে চরদোয়ানি বা বিভিন্ন অপারেশনের জায়গায় নিয়ে যেতেন। পরবর্তীতে ওই সাংবাদিকরা প্রকৃত ঘটনা গোপন রেখে তাদের (জিয়াউল আহসান ও তার সহযোগীদের) শেখানো ভাষ্যমতো সংবাদ প্রচার করতেন।
পরবর্তী শুনানি ও অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্য
চিফ প্রসিকিউটর জানান, মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। মামলাটি শুরু করা, আসামি গ্রেপ্তার এবং বিচারকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অক্লান্ত পরিশ্রমের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, আগামীকালও এই মামলার শুনানি অব্যাহত থাকবে। বাকি সাক্ষীদের জবানবন্দি উপস্থাপনের পর প্রসিকিউশন আইনের ব্যাখ্যা দেবে এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই ধাপের শুনানি শেষ হবে।
জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার
ট্রাইব্যুনালে গুমের মামলার প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২১ মিনিট আগে
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬, ২ঃ২৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
