গুম ও হত্যাকাণ্ডের যেসব তথ্য বর্তমানে আদালতে উপস্থাপন করা হচ্ছে, সেগুলো সাধারণ কোনো প্রক্রিয়ায় বের করা সম্ভব ছিল না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, অভিজ্ঞতা, জ্ঞান ও ভালোবাসা দিয়ে প্রসিকিউশন টিমকে সহযোগিতা করার মাধ্যমে তারা সুষ্ঠু বিচার নিশ্চিত করতে চান। যতদিন প্রয়োজন হয় ততদিন পাশে থেকে জাতিকে গুমের অভিশাপ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই মাটিতে আর গুম কখনো ফিরে আসবে না।
তিনি আরও বলেন, ভিকটিমদের ধরে নেয়ার পর থেকেই তারা নিখোঁজ এবং চিরদিনের জন্য হারিয়ে গেছেন। ভিকটিম পরিবারের সদস্যদের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, তাদের মধ্যে তুলি আপার ভাইসহ আটজনকে তুলে নেয়া হয়েছিল, যাদের অবস্থান আজও অজানা।
তদন্ত প্রক্রিয়ার বর্ণনা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘ইনসাইডার উইটনেস’ বা ভেতরের সাক্ষী ছাড়া এসব তথ্য কখনোই উদ্ধার করা সম্ভব হতো না। সে কারণেই তারা ইনসাইডার উইটনেস খুঁজতে শুরু করেন। গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা র্যাবে কর্মরত তৎকালীন কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ শুরু করে।
তিনি জানান, সেনাবাহিনীর অনুমতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে এনে একটানা একদিন, দুইদিন থেকে শুরু করে দশদিন পর্যন্ত কথা বলা হয়। এভাবে কথা বলার একপর্যায়ে পঞ্চম দিনের মাথায় গিয়ে অনেকে মানসিকভাবে ভেঙে পড়েন (ব্রেকডাউন করেন) এবং প্রকৃত ঘটনা স্বীকার করতে শুরু করেন।
তাজুল ইসলাম আরও বলেন, কর্মকর্তাদের সেই প্রথম ভেঙে পড়ার সূত্র ধরেই বাকি কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের ডেকে কথা বলা হয়। এভাবেই একটি ছোট্ট সূত্র ধরে পুরো ঘটনার জট খোলা সম্ভব হয়েছে।
চরদুয়ানীর ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, একজন অবসরপ্রাপ্ত র্যাব কর্মকর্তা প্রথম চরদুয়ানীর অভিযানের তথ্য দেন এবং বারবার একটি নির্দিষ্ট নামের কথা উল্লেখ করেন। সেই সূত্র ধরেই চরদুয়ানী কেন্দ্রিক কয়েকশ মানুষকে হত্যার পুরো ঘটনাটি বেরিয়ে আসে।
প্রসিকিউশন টিমকে সংহতি (সলিডারিটি) ও সর্বাত্মক সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি একটি জাতীয় বিষয়, কারণ রাষ্ট্রের নাগরিকদের নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে এবং গুমকে একটি সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। ভুক্তভোগী পরিবারগুলো এখনো জানে না তাদের স্বজনদের কবে মৃত্যু হয়েছে বা কোথায় কবর দেওয়া হয়েছে।
