রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে গণহত্যা চালানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি স্বীকার করেছে বৃটেন। একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের নতুন পদক্ষেপ ঘোষণা করেছে দেশটি। এর আওতায় সামরিক বাহিনীর পাঁচজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি রপ্তানি ও সরবরাহ নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ এবং রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত মানবিক সহায়তা ঘোষণা করা হয়েছে। ২৩ নভেম্বর বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পদক্ষেপের কথা জানানো হয়। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর অংশ হিসেবে এসব উদ্যোগ নিয়েছে লন্ডন। উল্লেখ্য, বার্তা সংস্থা এএফপির এক খবরে জানানো হয়েছে, একই ধরনের পদক্ষেপ নিয়েছে বৃটেনসহ ১৪টি দেশ। রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে মর্মে স্বীকৃতি দিয়েছে তারা।
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে দেয়া এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের পর বৃটেন আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা গণহত্যার বিষয়কে স্বীকৃতি দিচ্ছে এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের কোনো জবাবদিহি হবে না, এমনটা হতে পারে না। মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর নিপীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। পাশাপাশি সামরিক বাহিনীর বিমান হামলায় ব্যবহৃত জ্বালানির সরবরাহ বন্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া হচ্ছে।
পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা
নতুন নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের সামরিক বাহিনীর পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে রাখা হয়েছে। তাদের সম্পদ জব্দ, বৃটেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং কোম্পানির পরিচালক হওয়ার অযোগ্য ঘোষণা করা হবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মিও হুত হ্লাইং, মেজর জেনারেল মিও মিন তুন, মেজর জেনারেল মিয়াত থেট উ, মেজর জেনারেল কিয়াও সোয়ে এবং মেজর জেনারেল কিয়াও সোয়ার উ। বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর দমনপীড়ন, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।
মিও হুত হ্লাইং মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের উপপ্রধান। চিন রাজ্যে আটক বন্দিদের সঙ্গে নিষ্ঠুর ও অমানবিক আচরণের জন্য তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মিও মিন তুন শান ও কায়াহ রাজ্য নিয়ে গঠিত পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান ছিলেন। তার বিরুদ্ধে বেসামরিক জনগণের ওপর দমনপীড়ন এবং মিয়ানমারের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। মিয়াত থেট উ মিয়ানমারের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডের সাবেক প্রধান ছিলেন। তিনি লাওসে মিয়ানমারের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সামরিক বাহিনীর বিভিন্ন জ্যেষ্ঠ পদে থেকে বেসামরিক জনগণের ওপর নিপীড়নে ভূমিকা রাখার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। কিয়াও সোয়ে ২০২৬ সালের জুনে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান হিসেবে নিয়োগ পান। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসাকেন্দ্রে বিমান হামলার মাধ্যমে বেসামরিক জনগণের ওপর দমনপীড়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে কিয়াও সোয়ার উ ওই কমান্ডের সাবেক প্রধান। তার বিরুদ্ধে ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলার ঘটনায় দায়বদ্ধতার অভিযোগ আনা হয়েছে। ওই হামলায় একটি শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন এবং অনেকে আহত হন।
৮০ লাখ পাউন্ডের মানবিক সহায়তা
মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড মানবিক সহায়তা ঘোষণা করেছে বৃটেন। রাখাইন রাজ্যের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের জীবনরক্ষাকারী ও জরুরি সেবা নিশ্চিত করতে এই অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া মিয়ানমারজুড়ে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরও ৩০ লাখ পাউন্ড দেয়া হবে। নির্যাতনের প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা এবং বিচারপ্রার্থীদের সহায়তায় এই অর্থ ব্যবহার করা হবে। মিয়ানমারবিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত ব্যবস্থায় (আইআইএমএম) সহায়তার পরিমাণও দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বৃটেন।রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করেছে এই তদন্ত সংস্থা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের উদ্যোগ
আন্তর্জাতিক বিচার আদালতের রায় কার্যকর করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে জরুরি ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছে বৃটেন। এ সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের নিয়ে জরুরি অধিবেশন ডেকেছে দেশটি। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের আরেকটি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে লন্ডন। এ বিষয়ে আসিয়ান, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ বাড়ানো হচ্ছে। বৃটিশ সরকার জানিয়েছে, ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির বিরুদ্ধে এ পর্যন্ত ১৯ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। এসব নিষেধাজ্ঞার আওতায় ৪২ জন ব্যক্তি ও ৩৯টি প্রতিষ্ঠানকে রাখা হয়েছে। এর মধ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতায় জড়িত ব্যক্তিরাও রয়েছেন।
বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, হলোকাস্ট, মিয়ানমার, রুয়ান্ডা, স্রেব্রেনিৎসা, কম্বোডিয়া এবং ইয়াজিদি জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যা- এই ছয়টি ঘটনাকে এখন আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে বৃটেন। উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলা করে। গত ১৯ নভেম্বরের ঐতিহাসিক রায়ে আদালত নির্ধারণ করে, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে।
বৃটেনের এই স্বীকৃতি ও নতুন নিষেধাজ্ঞাকে সেই রায় কার্যকর করার পথে আন্তর্জাতিক চাপ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
