তুরস্কে বিরোধী দল ও গণমাধ্যমের ওপর দমনপীড়ন, ইস্তাম্বুলে হাজারো মানুষের বিক্ষোভ, এখনও ২৫ সাংবাদিক কারাগারে

তুরস্কে বিরোধী দল ও গণমাধ্যমের ওপর দমনপীড়ন, ইস্তাম্বুলে হাজারো মানুষের বিক্ষোভ, এখনও ২৫ সাংবাদিক কারাগারে

ফন্ট সাইজ:

তুরস্কে বিরোধী দল ও স্বাধীন গণমাধ্যমের ওপর সরকারের ক্রমবর্ধমান দমনপীড়নের প্রতিবাদে ইস্তাম্বুলে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। রোববার শহরটির রাস্তায় নেমে তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের মুক্তির দাবি জানান। কয়েক দিন আগে দেশটির পুলিশ সোজচু টিভিতে অভিযান চালিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের গ্রেপ্তার করে এবং প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে সরকারের নিয়োগ করা প্রশাসক বসায়। এর প্রতিবাদে প্রধান বিরোধী দল ইয়েনি পার্টি এই বিক্ষোভের আয়োজন করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়েছে, এক বছরের মধ্যে স্বাধীন গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেয়ার এটি তৃতীয় ঘটনা। এর আগে টেলি১, তুরস্কের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় সংবাদ চ্যানেল হাল্ক টিভি এবং শীর্ষস্থানীয় ডিজিটাল সংবাদমাধ্যম টি২৪-এর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এক দশক ধরে তুরস্কে সংবাদমাধ্যমের স্বাধীনতা ধারাবাহিক চাপের মুখে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, ডিজিটাল মাধ্যমে সেন্সরশিপ এবং সাংবাদিকদের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগ তুলছে সরকার।

এসব ঘটনায় দেশটির অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে আসছে। রোববার বিক্ষোভকারীরা একটি বিশাল ব্যানার বহন করেন। তাতে লেখা ছিল, ‘আমরা চিন্তার স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের মুক্তি চাই।’ এএফপির এক সাংবাদিক জানান, বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের বেসিকতাস এলাকার মধ্য দিয়ে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, উল্লাস করেন এবং শিস বাজান। বসফরাস প্রণালির তীরে পৌঁছানোর পর অনেকেই প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান ও তার সরকারের সমালোচক হিসেবে পরিচিত কণ্ঠস্বরগুলোর জন্য সংকুচিত হয়ে আসা পরিসর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

৬৪ বছর বয়সী এক বিক্ষোভকারী তুনাই এএফপি টিভিকে বলেন, আমাদের সংবাদমাধ্যমকে স্তব্ধ করে দেয়া হয়েছে। বিরোধী দলগুলোর সব টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের সব ধরনের স্বাধীনতা সংকুচিত হওয়ার মুখে। একটি দেশ হিসেবে আমরা অত্যন্ত অসন্তুষ্ট। ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। কোকসাল নামে ৬৪ বছর বয়সী আরেক বিক্ষোভকারীও তুরস্কের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, দেশটি যে পথে এগোচ্ছে, তা ভালো নয়। তিনি বলেন, আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, যখন সব গণতান্ত্রিক অধিকার হারিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, গণতন্ত্রপন্থি সাংবাদিক এবং বিরোধী টেলিভিশন চ্যানেলগুলো একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে, তাদের সম্প্রচার বন্ধ করে দেয়া হচ্ছে।

কোকসাল জানান, তার মতো অনেক মানুষ এখন সংবাদ জানার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। কিন্তু সেখানেও নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। তার ভাষায়, কার্যকর সামাজিক যোগাযোগমাধ্যমের সব মাধ্যমই বন্ধ করে দেয়ার চেষ্টা চলছে। এদিকে দুই মাসে তুরস্কে কয়েকশ কোটি ডলারের একটি বিনিয়োগ তহবিল কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রকাশের কারণে বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কমপক্ষে দুজন এখনো বিচার শুরুর অপেক্ষায় কারাগারে।

মিডিয়া অধিকারবিষয়ক সংগঠন এমএলএসএর (মিডিয়া অ্যান্ড ল অ্যান্ড স্টাডিজ অ্যাসোসিয়েশন) পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে তুরস্কের কারাগারে ২৫ জন সাংবাদিক বন্দি। স্বাধীন সংবাদমাধ্যমের ওপর ধারাবাহিক নিয়ন্ত্রণ, সাংবাদিকদের গ্রেপ্তার এবং বিরোধী মতের প্রচারমাধ্যমগুলোর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ দেশটির গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।