ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যের বার্তা

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি’র বৈঠক

ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যের বার্তা

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ বার্তা দেন। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে গতকাল এনসিপি নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে এনসিপি নেতারা শুধু আলোচনা নয়, সরকারের কার্যকর পদক্ষেপ দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

একই সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছে দলটি। এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর বিষয়ে আলোচনা হয়েছে।

দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি’র চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে। বৈঠকটি ১টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠকের পর এনসিপি’র নেতৃবৃন্দকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, আজকে এখানে যে খোলামেলা আলোচনা হয়েছে, সেখানে সেই জাতীয় স্বার্থে দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে। আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি- তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। আজকে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মত-পথ আদর্শ দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা চাই গণতান্ত্রিক যে অভিযাত্রা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্বার গতিতে স্বনির্ভর বাংলাদেশের পথযাত্রা রয়েছে, সেটি সবাই মিলে কাঁধে কাঁধ মিলে বাস্তবায়ন করবো।

মাহদী আমিন বলেন, বৈঠকে গণতান্ত্রিক সরকারের যে অভিযাত্রা রয়েছে, জনগণের ভোটে নির্বাচিত সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নীতি সহাবস্থান থাকবে, সহিষ্ণুতা থাকবে, সম্মানবোধ থাকবে- সেটারই আমরা আজকে বহিঃপ্রকাশ দেখেছি। আমরা বিশ্বাস করি, জুলাই গণ-অভ্যুত্থানে আমরা গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা দেখেছিলাম সকল শ্রেণি-পেশার-ধর্মের-বর্ণের এবং সকল মত পথের মানুষ এক হয়েছিল। কারণ এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে মানবাধিকার, আইনের অনুশাসন, বাকস্বাধীনতা থাকবে- এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে ফ্যাসিবাদীর বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করবো। আজকে এখানে যে মতবিনিময় হয়েছে, সেখানে সে আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ফুটে উঠেছে।

এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, মতবিনিময় সভায় এনসিপি’র প্রতিনিধিদল উনাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি যে, সেই জুলাই-আগস্টেই কিন্তু আমাদের একটা ঐক্য ফুটে উঠেছিল। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কি। আমাদের দেশে-বিদেশে সকল শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য যেটা সত্যি স্বাধীন ও সার্বভৌম এবং তাঁবেদার মুক্ত যে বাংলাদেশ, জনগণ সকল রাষ্ট্র ক্ষমতার মালিক, সে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তো গণতন্ত্রকামী বাংলাদেশের মানুষের ইতিমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, আমরা সে ঐক্যটাকে আরও সুসংহত করতে চাই।

সংস্কার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা বলেছেন যে, বিএনপি সরকার নোট অফ ডিসেন্টের মতো করে যেভাবে আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং নির্বাচনী পথযাত্রায় আমাদের জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সেটাকে শতভাগ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।

বৈঠকের আলোচনার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা যদি দেখি, এই বৈঠক বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে, তাহলে সেটি ইতিবাচক হবে। বিরোধীদলীয় নেতা দেশে ফিরে আসবেন, তার সঙ্গে হয়তো আরও দীর্ঘ আলোচনা হবে। এরপর সরকার যদি পদক্ষেপ নেয়, কাজ করে এবং জনগণের আস্থা অর্জনের চেষ্টা করে, আমাদের আস্থা অর্জনের চেষ্টা করে, তখন আমরা বলতে পারবো বৈঠকটি কতটা ফলপ্রসূ হয়েছে। আমরাও চাই না, শুধু আলোচনার জন্য আলোচনা হোক। তবে আলোচনার পথ খোলা থাকুক, সেটি আমরা চাই। আলোচনাগুলো ফলপ্রসূ করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে বর্তমান উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও তিনি এ আহ্বান জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে বলেছি, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা (ডিল) করা হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছে এনসিপি। এনসিপি’র আহ্বায়ক বলেন, সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্যটা আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত, সেটি আমরা বলেছি। এটা শুধু ডিসেম্বর-কেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন।
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়া, পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। কীভাবে দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সম্ভব, একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা, এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান করেছেন।

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথা উল্লেখ করে এনসিপি’র আহ্বায়ক বলেন, বিচারের বিষয়ে আমরা বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়েসহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত করে অভিযোগপত্র দেয়া ইত্যাদি আইনি প্রক্রিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান।

সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবির বিষয়ে এনসিপি’র আহ্বানের জবাবে প্রধানমন্ত্রী কী বলেছেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা চেয়েছি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। উনারা বলছেন, উনারা এগুলো বিবেচনা করবেন।

নতুন করে গঙ্গার পানিবণ্টন চুক্তি করার বিষয়ে ভারতকে খুবই কঠোরভাবে বার্তা দিতে সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যাতে কোনো কম্প্রমাইজ (আপস) না করে, সেটি আমরা বলেছি। শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কথাও আমরা বলেছি। জুলাইযোদ্ধাদের যাতে রাজনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিতে বলেছি। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে, সেই আহ্বান জানিয়েছি।

নাহিদ বলেন, এটা এখন খুবই সুস্পষ্ট যে, বাংলাদেশে যা কিছু হচ্ছে- এর সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মিস-ইনফরমেশন ক্যাম্পেইন চালানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। আমাদেরও বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে। সরকার যেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি, সংস্কৃতিকর্মী- সব সামাজিক শক্তির সঙ্গে বসে আলোচনা করে, তাদের ঐক্যবদ্ধ রাখে, এ কথাও সরকারপ্রধানকে বলেছে এনসিপি।

এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসেন মানবজমিনকে বলেন, বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে ভারতে অবস্থান করে বাংলাদেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেটিও তুলে ধরেছি। এসব বিষয়ে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন।