মজুরি বোর্ডের বৈঠক

মালিকদের প্রস্তাবে একমত হতে পারেনি কেউ

ফন্ট সাইজ:

মজুরি বোর্ডের সভায় তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে তাদের প্রস্তাব কতো টাকার, তা প্রকাশ করেনি মজুরি বোর্ড। পাশাপাশি মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ না করার সিদ্ধান্ত হয়। ব্যবধান কমিয়ে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এর আগের সভায় শ্রমিকপক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়া হয়।

গতকাল সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা বিকাল ৪টা পর্যন্ত চলে। সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে না পারায় বৈঠক অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধির বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

সভা শেষে এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। তবে মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। ফলে দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব তৈরির বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, দেশের বিভিন্ন শিল্পাঞ্চল, বিশেষ করে ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট-বড় শিল্পকারখানার পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

বৈঠক সূত্র বলছে, মালিকপক্ষ ১৫ হাজার টাকার মতো ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে। মালিকপক্ষের এই প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে জানা গেছে। ফলে বৈঠক অব্যাহত রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।

সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের প্রস্তাবের বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না তারা। কারণ, এ নিয়ে আলোচনা এখনো চলছে। প্রস্তাবের বিভিন্ন দিক পর্যালোচনা করে দুই পক্ষের মধ্যে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হবে। প্রয়োজনে শ্রমিকপক্ষও তাদের প্রস্তাব পুনর্বিবেচনা করতে পারে। তিনি বলেন, মজুরি নির্ধারণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে শ্রমিক ও মালিক উভয় পক্ষই গুরুত্ব দিচ্ছে। বৈঠক শেষ না করে আলোচনা অব্যাহত রাখার প্রস্তাব শ্রমিকপক্ষের পক্ষ থেকে দেয়া হয়েছে। মালিকপক্ষও তাতে সম্মত হয়েছে।