পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে টানা কয়েকদিনের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিএনপি’র অভ্যন্তরে। পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ বহিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। গত রোববার রাতে পাবনা জেলা বিএনপি’র প্যাডে দেয়া এক বিজ্ঞপ্তিতে মঈন উদ্দীন খাজাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়। জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের অনুমোদনক্রমে দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত মো. আলাউদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে খাজার অনুসারীদের দাবি, যে সময় বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বিএনপি’র নেতাকর্মীরা মাঠে ছিলেন, সে সময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন খাজা। এমন একজন সক্রিয় নেতাকে পুরস্কৃত না করে বহিষ্কার করায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বহিষ্কারের বিষয়ে খাজার অভিযোগ, ১৮, ১৯ ও ২০শে নভেম্বর পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বেড়ায় আসেননি। ২১শে নভেম্বর প্রশাসনকে সঙ্গে নিয়ে তিনি এলাকায় আসেন।
সংকটের সময় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় তাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়েছে। নতুন করে বলার কিছু নেই। এদিকে বহিষ্কারের ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এখন তৃণমূলের প্রশ্ন, সংকটের সময় মাঠে থাকা নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার পেছনে প্রকৃত কারণ কী, আর এ সিদ্ধান্তে দলের স্থানীয় ঐক্য কতোটা প্রভাবিত হবে।.
