চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই উঠে যাচ্ছে কার্পেটিং। সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে আছে। কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। প্রায় ২ কিলোমিটার ৭০০ মিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় হলেও এত অল্প সময়ে সড়কের এমন বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। কাজের মান নিয়ে উঠেছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। অন্যদিকে, সড়কটির এমন অবস্থার পেছনে কারিগরি ত্রুটি থাকতে পারে বলে ধারণা করছেন উপজেলা প্রকৌশলী। সরজমিন দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে রয়েছে। আবার কিছু অংশে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। বৃষ্টিপাত হলে এসব গর্ত আরও বড় হয়ে যান চলাচলে দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় যানবাহন চালকরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে সড়কটির সংস্কারকাজ শুরু হয় চলতি বছরের ৫ই জানুয়ারি। কাজ শেষ হয় ৫ই মে। এতে ব্যয় হয়েছে ১ কোটি ৯৬ লাখ টাকা। কাগজ-কলমে কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজ হলেও বাস্তবে কাজটি বাস্তবায়ন করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন। সড়কটি চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে সাহেবগঞ্জ বাজার হয়ে তুলাতলী বাজার পর্যন্ত বিস্তৃত। সাহেবগঞ্জ বাজারের পর সড়কের কিছু অংশ তুলনামূলক ভালো থাকলেও পরবর্তী অংশে দেখা দিয়েছে কার্পেটিং উঠে যাওয়াসহ নানা সমস্যা। স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজ চলাকালে প্রকৌশলীদের যথাযথ তদারকি ছিল না। এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো কাজ শেষ করেছে। তুলাতলী বাজারের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন বলেন, সরকার এত টাকা ব্যয় করে সড়কটি সংস্কার করেছে।
কাজের সময় একাধিক প্রকৌশলী থাকার পরও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা বোধগম্য নয়। ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সড়কটি সংস্কারের সময় তিনি এই উপজেলায় কর্মরত ছিলেন না। কাজ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। তবে সড়কটির বর্তমান অবস্থা দেখে তার মনে হয়েছে, সংস্কারকাজে কারিগরি ত্রুটি ছিল। বিশেষ করে বিটুমিন প্রয়োগের সময় অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকতে পারে। এটি তার প্রাথমিক ধারণা। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেয়ার জন্য বলা হবে। তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের জামানতের টাকা এখনো ফেরত দেয়া হয়নি। ওই ঠিকাদার আরও কয়েকটি কাজ নিয়ে ফেলে রেখেছেন। অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার গাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজটি তার লাইসেন্সে হলেও বাস্তবে করেছেন মঞ্জিল হোসেন। পরে কাজের এমন বেহাল পরিস্থিতির বিষয়ে জানতে সাবেক মেয়র মঞ্জিল হোসেনকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
