রাজশাহীতে ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন ও দু’টি বিদেশি পিস্তল, গুলিসহ ম্যাগাজিন এবং টাকাসহ ৪ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সোমবার দুপুরে এসআরবি-৫ রাজশাহীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক। তিনি জানান, গত রোববার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মহানগরে এই অভিযানগুলো পরিচালনা করা হয়। এসআরবি-৫ এর একটি যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. ময়না বেগম এবং শাহাদত হোসেনকে আটক করে। সম্পর্কে তারা ভাইবোন। তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না ও শাহাদতের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি আরও জানান, অপর একটি আভিযানিক যৌথ দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীগর হাটপাড়ায় অভিযান চালিয়ে অভিযুক্ত আহসান আলী এবং আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বসতবাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল (মেইড ইন টঝঅ), ৯ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন এবং অস্ত্র কেনা-বেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জন অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইনসহ পিস্তল উদ্ধার, আটক ৪
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
