পাহাড়ের বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রতিষ্ঠানটির আটটি ট্রেডে ৩০টি কোর্সে প্রায় ২৮০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের প্রায় ৯০ শতাংশই নারী। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। সোমবার রাঙ্গামাটি বিসিক কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এ আশ্বাস দেন। তিনি বলেন, বিসিকের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পাহাড়ের তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে জেলা পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা করবে। বিসিক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতি বছর বিভিন্ন ট্রেডে প্রায় ৩০টি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। চলমান কার্যক্রমের আওতায় সেলাই, বাটিক, কম্পিউটার, প্লাস্টিক পুঁতি, বেকারি আইটেমসহ মোট আটটি ট্রেডে ৩০টি কোর্স পরিচালিত হচ্ছে। কোর্সের ধরন অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ পাঁচদিন থেকে শুরু করে দুই, তিন ও ছয় মাস পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য অঞ্চলে সরকারি-বেসরকারি চাকরির সুযোগ সীমিত হওয়ায় কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের নতুন পথ তৈরি করতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুন। সভাপতিত্ব করেন বিসিকের রাঙ্গামাটি শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় প্রশিক্ষণার্থী তরুণ-তরুণীসহ বিসিকের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাহাড়ে বেকারত্ব ঘোচাতে বিসিকের প্রশিক্ষণ উদ্যোক্তা তৈরিতে পাশে রাঙ্গামাটি জেলা পরিষদ
রাঙ্গামাটি প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
