চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুরোনো পিকআপটি মোটরসাইকেল কিংবা অন্য যেকোনো গাড়ির চাবি দিয়েই চালু করা সম্ভব। এই সুযোগ কাজে লাগিয়ে মোটরসাইকেলের চাবি দিয়ে পিকআপটি চুরি করেন গ্রেপ্তার মো. রুবেল। সরজমিন পরীক্ষা করেও এর সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপ-পরিদর্শক (এসআই), গাড়িচালকসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গত ১৮ই নভেম্বর বেলা পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের গেটসংলগ্ন পুনাক ক্যানটিনের সামনে থেকে পিকআপটি চুরি হয়। ওই সময় টহল দলের সদস্যরা গাড়িটি রেখে পাশের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে পিকআপটি আর পাননি তারা। পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পিকআপটি চালু করতে আগে অন্য একটি গাড়ির চাবি ব্যবহার করা হতো। চুরির সময় সেই চাবিটিও নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে গাড়িটির পুরোনো ইগনিশন ব্যবস্থার কারণে মোটরসাইকেলের চাবি দিয়েও সেটি চালু করা সম্ভব হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, পিকআপ চুরির আগে মোটরসাইকেলে করে দু’জন এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মোটরসাইকেলচালকের সঙ্গে প্রায় সাত সেকেন্ড কথা বলেন রুবেল। এরপর মোটরসাইকেলের চাবি দিয়ে পিকআপটি চালু করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। চুরির পর পুলিশের গাড়ির পরিচয় কাজে লাগিয়ে নির্ধারিত একটি পেট্রলপাম্প থেকে বিনা মূল্যে ২৮ লিটার জ্বালানি সংগ্রহ করেন রুবেল। পরে পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে একটি গ্যারেজে নিয়ে গাড়িটি মেরামতের চেষ্টা করেন। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনিরহাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করে পুলিশ। একই দিন রাতে নগরের দেওয়ানহাট এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জু জানান, রুবেলকে প্রথমে ২০০ টাকা এবং পরে আরও ৫০০ টাকা দেয়া হয়েছিল। তার দেয়া তথ্য অনুযায়ী, কবিরের নির্দেশে পিকআপটি চুরি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তদন্ত কর্মকর্তা বলেন, কবির নগরে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন বলে তথ্য পাওয়া গেছে। নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে পিকআপটি চুরি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কবির কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত কি না, সে বিষয়েও তদন্ত চলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, সরকারি গাড়ি নিজেদের হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের। তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। উদ্ধার হওয়া পিকআপটি বর্তমানে আবারও থানার কাজে ব্যবহার করা হচ্ছে।
চট্টগ্রামে পুলিশের গাড়ি চুরি
মোটরসাইকেলের চাবিতেই চালু হয় পুলিশের টহল ভ্যান, বরখাস্ত চার সদস্য
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
