দেশের ৯ বিশ্ববিদ্যালয়ের ৫৫ নবীন গবেষককে নিয়ে গাকৃবিতে ওরিয়েন্টেশন

ফন্ট সাইজ:

দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসা ৫৫ নবীন এমএস ও পিএইচডি গবেষককে নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অটাম ২০২৬ টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ৫২ জন এমএস ও ৩ জন পিএইচডি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহিদুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা গাকৃবি’র সমৃদ্ধ একাডেমিক ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন। নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর্বে এমএস শিক্ষার্থী সাদিয়া আফরিন মুক্তা এবং পিএইচডি শিক্ষার্থী রাকিবুল হাসান শাওন নিজেদের প্রত্যাশা ও অনুভূতি ব্যক্ত করেন। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আবাসিক হলের ব্যবস্থাপনা ও নিয়মকানুন সম্পর্কে আলোচনা করেন শহীদ তাজউদ্দিন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান। অন্যদিকে, উচ্চশিক্ষা ও গবেষণার কাঠামো, একাডেমিক নীতিমালা এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত ধারণা দেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় নিষ্ঠা, একাগ্রতা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা নবীন শিক্ষার্থীদের গাকৃবিতে স্বাগত জানিয়ে বলেন, ‘দেশের কৃষিবিজ্ঞান ও টেকসই কৃষি উন্নয়নে অবদান রাখতে সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। আমি প্রত্যাশা করি, গাকৃবি’র সমৃদ্ধ গবেষণা পরিবেশ কাজে লাগিয়ে নবীন গবেষকরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সভাপতির সমাপনী ঘোষণার মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। উল্লেখ্য, অটাম ২০২৬ টার্মে গাকৃবিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন।