‘তরবারির সঙ্গে গর্দানের কোনো সংলাপ চলবে না। বাংলাদেশে ঐক্য হতে হলে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে।’ শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার বিকালে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় শেখ হাসিনার ফাঁসি কার্যকর, আওয়ামী লীগের বিচারসহ চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি অভিযোগ করেন, গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। এমনকি অর্থের বিনিময়ে অপরাধীদের থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগও করেন তিনি। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি’র এই নেতা।
সমাবেশে তারেক রহমানকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনার বাবা যে ভুল করেছিলেন, আপনি সেই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেয়াই ইতিহাসের দায়িত্ব। জুলাই গণ-অভ্যুত্থানের গণরায় বাস্তবায়ন করুন, জুলাই গণহত্যার বিচার করুন এবং আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে স্থায়ীভাবে নিষিদ্ধ করুন।’
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বাংলাদেশে কোনো দলীয় বিভেদ থাকবে না। বিএনপি, জামায়াত কিংবা এনসিপি নয়, ১৮ কোটি মানুষ এক হয়ে দাঁড়াবে। বাংলাদেশের দিকে তাক করে অস্ত্র মোতায়েনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বাংলাদেশকে গাজা বানানোর স্বপ্ন দেখলে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ১ হাজার ৪০০ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তন রক্ষায় জীবন থাকা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সমাবেশ শেষে এনসিপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিউমার্কেট থেকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনাইদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, এনসিপি’র দক্ষিণ জেলা সদস্য সচিব জুবায়েরুল আলম মানিক, এনসিপি যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবায়ের আরিফ, চট্টগ্রাম মহানগর এনসিপি’র আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন। এ ছাড়াও ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদ এবং চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন সেøাগান দেন অংশগ্রহণকারীরা।
