নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

ফন্ট সাইজ:

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার সকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রেস ক্লাব একাদশ ও তিতাস একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মো. আব্দুল মান্নান। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নির্দোষ ও সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে সংবাদ প্রকাশ নয়, বরং আবেগ ও ব্যক্তিগত বিরোধের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, কান্তি কুমার ভট্টাচার্য, জেলা বিএনপি’র সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমীর ও আব্দুল সাত্তারসহ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন।