মেয়ের বাড়িতে বেড়াতে এসে হাসিমুখে বিদায় নিয়েছিলেন মা। খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ি বগুড়ার শিবগঞ্জে ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তার। পথেই মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নূর বানু (৪৯) নামের ওই নারীর। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করেছে পুলিশ। নিহত নূর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদীঘি গ্রামে মেয়ে ও জামাতা এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আটক দুই মোটরসাইকেল আরোহী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আব্দুর রাজ্জাক ও শাকিল। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের মেয়ে-জামাতা এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার বিকালে নূর বানু মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হন। পরে ঘটনাস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না মায়ের
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
