সীতাকুণ্ডে আল-বুখারী ফাউন্ডেশনের সাফল্যের পঞ্চম বর্ষপূর্তি উদ্‌যাপন

সীতাকুণ্ডে আল-বুখারী ফাউন্ডেশনের সাফল্যের পঞ্চম বর্ষপূর্তি উদ্‌যাপন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে আল-বুখারী ফাউন্ডেশন বাংলাদেশ ও আল-বুখারী ইন্টারন্যাশনাল মাদ্রাসার যৌথ উদ্যোগে সাফল্যের পঞ্চম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। গতকাল দিনব্যাপী সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় হাসান গোমস্তা মসজিদ-সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, নূরানি তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান। এ ছাড়া উপজেলার শতাধিক মসজিদের ইমামকে বিশেষ সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচনা পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার, সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফিকহ্‌, শরিয়াহ্‌ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী। এ সময় দেশবরেণ্য ক্বারিদের সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত পরিবেশিত হয়। আয়োজকরা জানান- দ্বীনি শিক্ষার প্রসার, কোরআন শিক্ষায় আগ্রহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।