ভাঙ্গায় আগুনে পুড়ে প্রাণ গেল বাবার, ছেলে আটক

ফন্ট সাইজ:

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক বিরোধের জেরে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আসমান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সুজন হাওলাদার (২৭)কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমান ওই গ্রামের বসির উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন দীর্ঘদিন প্রবাসে থাকার পর সমপ্রতি দেশে ফিরে নতুন করে বিয়ে করেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। তার একাধিক বিয়ে এবং দ্বিতীয় স্ত্রী লাইজু বেগমকে ঘিরে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত শুক্রবার স্থানীয়ভাবে সালিশের আয়োজনের কথা থাকলেও সেখানে সুজন উপস্থিত ছিলেন না। অগ্নিকাণ্ডের ঘটনার বিষয় সুজনের দ্বিতীয় স্ত্রী লাইজু বেগম বলেন, আগুন লাগার সময় তার শ্বশুর ঘরের ভেতরে আটকা পড়ে চিৎকার করছিলেন। তিনি অন্য ঘর থেকে বেরিয়ে তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন। কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করতে পারেননি। পরে স্থানীয় রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। লাইজুর অভিযোগ, তার স্বামী সুজন এলাকার লোকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে আগুন লাগিয়েছেন। অন্যদিকে স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের পর সুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশকে খবর দেয়া হয়। এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একজনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন তিনি।