পুত্রের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় পিতার মৃত্যু, মাতা আহত

ফন্ট সাইজ:

ছেলের বিয়েতে যাওয়ার সময় বংশীপুর-ভেটখালী মহাসড়কের পেচোর মোড়ে ট্রাকচাপায় আব্দুল আজিজ (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের পেছনে থাকা নিহতের স্ত্রী রোকেয়া বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলা সদরের গোডাউন মোড় এলাকার বাসিন্দা। আহত রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুল আজিজের ছোট ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নববধূর বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হয়েছিলেন তারা। কিন্তু ছেলের বিয়ের আনন্দে অংশ নেয়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা, আর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে মা। যে বাড়িতে বিয়ের আনন্দে মুখরিত থাকার কথা, সেখানে চলছে শোকের মাতম। থানা অফিসার ইনচার্জ শফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।