একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে শিক্ষকতা, নীরব কর্তৃপক্ষ

একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে শিক্ষকতা, নীরব কর্তৃপক্ষ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে একই ব্যক্তি একই সঙ্গে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি একই সঙ্গে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের এমপিওভুক্ত কৃষি শিক্ষক ও একেএম মোশারফ হোসেন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেই। অভিযুক্ত শিক্ষক একেএম মোশারফ হোসেন নান্দাইল উপজেলার বনগ্রামের তফিল উদ্দিনের ছেলে। ২০১০ সালের ১লা মে তিনি মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে এমপিওভুক্ত হন। পরে ২০১৮ সালে বিদ্যালয়টির এক কিলোমিটারের মধ্যে নিজের নামে আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। এ ঘটনায় ২০১৯ সালের ২রা মে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে ছয় বছর পর পুনরায় তিনি চাকরিতে বহাল হন। প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, তাকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর নেয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে মোশারফকে পুনর্বহাল করা হয়েছে।

প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক অভিযোগ করেন, মোশারফের কর্মকাণ্ডে বিদ্যালয়টি ধ্বংসের মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটি অস্তিত্ব সংকটে পড়বে। অভিযুক্ত মোশারফ হোসেন বলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হলেও ঊর্ধ্বতন কর্মকর্তারা তা প্রত্যাহার করেছেন। নিজের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়ে তিনি আগে প্রধান শিক্ষক ছিলেন, বর্তমানে নেই। তবে একই ব্যক্তি দু’টি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না বলে স্বীকার করেন তিনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক নাসির উদ্দীন বলেন, একই ব্যক্তি দু’টি প্রতিষ্ঠানে চাকরি করলে তা চাকরিবিধির লঙ্ঘন। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে মানবিক দৃষ্টিতে স্বাক্ষর করিয়ে বেতন-ভাতা চালু করা হয়েছিল।

তবে এখন বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক মোশারফ একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেছেন এখন আর ওই স্কুলে শিক্ষকতা করেন না। যদি করেন তাহলে সেটা বিধিবহির্ভূত। আমি এ বিষয়ে ব্যবস্থা নেবো।