কুমিল্লার ৩ হাজার ৪১২ সড়ক এলজিইডি’র নেটওয়ার্কে অন্তর্ভুক্তির অনুমোদন

ফন্ট সাইজ:

কুমিল্লা জেলায় দীর্ঘদিন ধরে আইডিভুক্তির অপেক্ষায় থাকা ৩ হাজার ৪১২টি সড়ক এলজিইডি’র সড়ক নেটওয়ার্কে অন্তর্ভুক্তির অনুমোদন পেয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য ৩ হাজার ১৮ দশমিক ৩৭০ কিলোমিটার। এর ফলে ভবিষ্যতে সড়কগুলোর উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ পরিকল্পিতভাবে করার সুযোগ তৈরি হবে। জানা গেছে, গত ১৭ই নভেম্বর পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের স্ট্যান্ডিং কমিটির সভায় এসব সড়ক আইডিভুক্তির অনুমোদন দেয়া হয়। অনুমোদিত সড়কগুলোর তালিকা গেজেটে প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন পাঠানোর ব্যবস্থাও নেয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন সড়কের মালিকানা, দায়-দায়িত্ব নির্ধারণ এবং শ্রেণিবিন্যাসের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

একই প্রক্রিয়ায় দেশের ১৭টি জেলার মোট ৯ হাজার ৮২৩টি সড়ক আইডিভুক্তির অনুমোদন পেয়েছে। এসব সড়কের মোট দৈর্ঘ্য ১৮ হাজার ৮৮৮ দশমিক ৪৩৮ কিলোমিটার। এর মধ্যে কুমিল্লার সড়কগুলোর সংখ্যা উল্লেখযোগ্য।
কুমিল্লা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মফিজ উদ্দিন বলেন, আইডিভুক্তির ফলে এসব সড়কের উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প গ্রহণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা সহজ হবে। পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থা, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক প্রভাব পড়বে।