বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে সুপেয় পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম ১০টি পাড়ার ৩২৫টি পরিবারের জন্য পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে সেনাবাহিনী। প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ফলে দীর্ঘদিনের পানির কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতায় বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে রুমা ৩৮ ইস্ট বেঙ্গল (রুমা সেনা জোন) এ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করছে।
রুমা সেনা জোন সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ১০টি দুর্গম পাড়ায় প্রায় ১৮ হাজার ফুট পাইপলাইন স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২১ হাজার লিটার ধারণক্ষমতার পানির রিজার্ভার নির্মাণ করা হয়েছে। জেনারেটর, সৌরবিদ্যুৎ, গ্র্যাভিটি ফ্লো সিস্টেম (জিএফএস) ও সাবমার্সিবল পাম্পের মাধ্যমে এসব পাড়ায় পানি সরবরাহ করা হচ্ছে। এতে ৩২৫টি পরিবার সরাসরি উপকৃত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে খাবার ও দৈনন্দিন ব্যবহারের পানি সংগ্রহ করতে কয়েকশ’ ফুট নিচে পাহাড়ি ঝিরিতে যেতে হতো। দুর্গম ও পিচ্ছিল পথ বেয়ে পানি আনতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকারও হতেন তারা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পানি সংগ্রহ ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর প্রচেষ্টায় সুপেয় পানির ব্যবস্থা
বান্দরবান প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
