চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে চুরি, ছিনতাই, অটোরিকশা ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বিশেষ করে সন্ধ্যার পর ভাটিখাইন, বাকখালী, দক্ষিণঘাটা, ফারুকীপাড়া ও বড়ুয়াপাড়া মোড়সহ বিভিন্ন এলাকায় চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। তথ্য বলছে, ২০২৪ সালের ২৭শে জুলাই ফারুকীপাড়া পয়েন্টে অস্ত্রের মুখে একটি চেয়ারকোচ থামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই বছরের জুলাই ও সেপ্টেম্বরে ভাটিখাইন এলাকায় খামার থেকে গরু চুরির ঘটনাও ঘটে। ২০২৫ সালের ৪ঠা সেপ্টেম্বর রাতে এক বিকাশ এজেন্টের কাছ থেকে ছুরি ঠেকিয়ে ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ২৬শে সেপ্টেম্বর ইন্দ্রপুল বাইপাসে এক প্রবাসীর মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে। সর্বশেষ ২২শে ডিসেম্বর বাকখালী এলাকায় যাত্রীবেশে অটোরিকশাচালককে শ্বাসরোধ করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করা হলে স্থানীয়রা এক যুবককে আটক করেন। একের পর এক এসব ঘটনায় বাইপাস সড়কে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা ও নিয়মিত পুলিশি টহলের অভাবে অপরাধীরা সুযোগ পাচ্ছে। বিশেষ করে রাতের যাত্রী, মোটরসাইকেল আরোহী, সিএনজি ও অটোরিকশাচালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে পটিয়া থানার ওসি জিয়াউল হক ও সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনামের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল বাড়ানো, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সড়কবাতি নিশ্চিত এবং ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে পটিয়া বাইপাসকে ছিনতাই ও অপরাধমুক্ত করে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করবে প্রশাসন। তাদের একটাই দাবি পটিয়া বাইপাসে আতঙ্ক নয়, চাই নিরাপত্তা।
পটিয়া বাইপাসে ছিনতাই আতঙ্ক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
