নারায়ণগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন

নারায়ণগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় আনোয়ার মোল্লা (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি চক্র এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঘটনার পরদিন সোমবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে বিকালে হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৮/১০ জন দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। এদিকে নিহত আনোয়ার মোল্লার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাশেমবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আনোয়ার মোল্লা (কনস্টেবল নম্বর-১৭৫৩) নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে একটি ঘটনার তদন্ত ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাদা পোশাকে হাশেমবাগ এলাকায় যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার। সেখানে পৌঁছানোর পর একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের কবল থেকে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেলেও কনস্টেবল আনোয়ার তাদের হাতে আটকা পড়েন। পরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা হাশেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে নিহত কনস্টেবল আনোয়ারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার। নিহতের স্ত্রী ও দু’টি ছোট সন্তান রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টদের নামও পুলিশ জানতে পেরেছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনার তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনার সঙ্গেও মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল।