ঈশ্বরদীতে বালু মহালের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ঈশ্বরদীতে বালু মহালের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর বালু মহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া এলাকার রঙ্গিলা মোড় ও পদ্মা নদীর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধরা হলেন- মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর ঈশ্বরদী ও নাটোরের লালপুর অংশের বালু মহালের নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় লালপুরের কাকন বাহিনী এবং ঈশ্বরদীর মেহেদী ও পিন্টু গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে পাঁচজন গুলিবিদ্ধ হন।
স্থানীয়দের দাবি, বালু মহালের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কারা প্রথমে হামলা ও গুলি চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া ঘাট এলাকায় দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংঘর্ষের প্রকৃত কারণ, কারা জড়িত এবং ঘটনার পেছনের বিরোধের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।