বরগুনার আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। গত রোববার সকালে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। সেখান থেকে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা। ২০২৪ সালের ২৫শে অক্টোবর কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম। ঠিকাদারের অভিযোগ, কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খান মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছেন। তার চাহিদামতো ঘুষ না দেয়ায় তিনি ঠিকাদারকে নানাভাবে হয়রানি করছেন এবং কাজটি সঠিকভাবে বাস্তবায়ন করতে দিচ্ছেন না।
এ অভিযোগ এনে ঠিকাদার শেখ নোমান রেজা ১৯শে নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ করেন। দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর অভিযান পরিচালনা করে তাকে ঘুষের ১ লাখ টাকাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, তাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
