বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি’র খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল বোর্ডের ওয়েবসাইটে দেয়া ফলাফলে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। এবং ২১ জন ফেল থেকে পাস করেছেন। প্রকাশিত ফলাফল পরিসংখ্যানে দেখা গেছে- এ বছর এইচএসসি’র ফলাফল প্রকাশের পর খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ১২ হাজার ২৯১ জন পরীক্ষার্থী। এরা মোট ৫৩ হাজার ৪০৯টি বিষয় পুনঃনিরীক্ষণের আবেদন করেন। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নম্বর পরিবর্তিত হয়েছে ২ হাজার ৭৭১ পরীক্ষার্থীর। জিপিএ পরিবর্তিত হয়েছে ৫২০ জনের। ফেল থেকে পাস করেছেন ২১ জন। এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন।
উল্লেখ্য, ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে সবার নিচে ছিল বরিশাল বোর্ড। ৫৭ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২৫ হাজার ৯৭০ জন। পাসের হার ৪৪ দশমিক ৮৪। জিপিএ ছিল মাত্র ৯৫০ জন। ১১টি প্রতিষ্ঠান থেকে ১ জন পরীক্ষার্থীও পাস করেনি।
